অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
জাপানি উন্নয়ন সংস্থা জাইকার (JICA) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত UDCGP-এর আওতাধীন কর্মশালা ও পারফরম্যান্স মূল্যায়ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২ আগষ্ট) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজারে সাখাওয়াতের আগমনকে ঘিরে কক্সবাজারে অবস্থান নেন মহানগর বিএনপি, ছাত্রদল যুবদলের একাংশের নেতাকর্মীরা। শনিবার রাতে কক্সবাজারে পৌঁছানোর পরে সাখাওয়াতকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের একাংশ। পরবর্তীতে রোববার কর্মশালায় যোগ দেন সাখাওয়াত।
কর্মশালা ও পারফরম্যান্স মূল্যায়ন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাসিকের চলমান বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।

