হরাইজন্টাল লার্নিং অ্যাক্টিভিটি অব ফোর্থ পারফরম্যান্স বেইজড অ্যাপ্রোচ (পিবিএ) ওয়ার্কশপ
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)-এর আওতায় হরাইজন্টাল লার্নিং অ্যাক্টিভিটি অব ফোর্থ পারফরম্যান্স বেইজড অ্যাপ্রোচ (পিবিএ) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১০টা হতে দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগাল লিমিটেডের পর্বত বলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের পারফরম্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ক্রেস্ট গ্রহণ করেন।
ক্রেস্ট গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই অর্জন নারায়ণগঞ্জবাসীর। তিনি এ সাফল্যের জন্য সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ আলী মোল্লা, জাইকা বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র আবাসিক প্রতিনিধি ইয়োকো মরিকাওয়া, আবাসিক প্রতিনিধি সাওরি কাজিমা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জাইকা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় নগর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের সফল উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

