ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই আইনজীবীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, গ্রেপ্তার দুই আইনজীবীকে পাঁচ কার্যদিবসের মধ্যে মোট চার দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। অপরদিকে আতিকুল ইসলাম মুন্নাকে থানায় নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানের সময় রিকশাচালক তুহিন হত্যার মামলায় আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পান সাবেক মেয়র আইভী। আদালতের কার্যক্রম শেষে প্রাঙ্গণ ত্যাগের আগে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তার সঙ্গে থাকা সমর্থকদেরও একই স্লোগান দিতে দেখা যায়।
এর পরদিন বুধবার ভোরে আইভীর দুই আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার এবং কাজলের ছোট ভাই আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

