ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে একটি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)। এমদাদুলের স্থায়ী বাড়ি নেত্রকোনার দুর্গাপুর এলাকায় হলেও তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাজার এলাকার চশমাওয়ালার বাড়িতে ভাড়া থাকতেন। অন্যদিকে জিহাদের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ী এলাকায় এবং তিনি ফতুল্লার চানমারী বস্তিতে বসবাস করতেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সদর মডেল থানা এলাকার ২ নম্বর রেলগেটসংলগ্ন মনির রেস্তোরাঁর উত্তর পাশে সাজ্জাদ ট্রেডার্সের সামনের খালি জায়গায় চেকপোস্ট বসানো হয়। ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন হিসেবে এমদাদুল ও জিহাদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন (ওজন পাঁচ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে ‘Special Made in USA’ লেখা রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন নারায়ণগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে এর আগে ফতুল্লা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ২৭ জানুয়ারি অস্ত্র আইনে এবং অপরটি একই তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়। এছাড়া মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও মোটরসাইকেলের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

