ফাইল ছবি
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। অভিযানে সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবা ও রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৭৬ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ২ আসামি, অন্যান্য মামলায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা এলাকায় মাদকসেবী ২৭ জন, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যসহ ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানা এলাকায় মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য ধারার মামলায় ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই এলাকায় মাদকসেবী ২০ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী ১৫ জন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা এলাকায় মাদকসেবী একজন ও মামলার আসামি দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের দাবি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

