ফাইল ছবি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল, ৬৩ ক্যান বিয়ার ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং ৮৮ জন মাদকসেবী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, চোর একজন, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী, ৫২ মাদকসেবী, ১০ ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ৬৬ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আট মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আট আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁয়ে ১১ মাদকসেবী, একজন চোর ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, সাত মাদকসেবী ও নিয়মিত মামলার তিন আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ তিন মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার একজন আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

