ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থেকে নিখোঁজের সাত দিন পর ঢাকার মুগদা এলাকা থেকে সিয়াম আলী (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সিয়াম অপহৃত হননি, নিজেই আত্মগোপনে ছিলেন।
সিয়াম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দরে লেবার সরদার সহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রায় তিন থেকে চার মাস ধরে কাজ করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হন সিয়াম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। এ ঘটনায় সহিদুল ইসলাম গত ২৫ অক্টোবর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৪০।
সাত দিনেও সিয়ামের সন্ধান না পাওয়ায় বিষয়টি জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নজরে আসে। পরে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় সিয়ামের অবস্থান শনাক্ত করেন। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারের পর সিয়ামকে তাঁর ভাই আমিনুল ও লেবার সরদার সহিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

