বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২১, ২৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে এসে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত এই র‍্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন,  জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলনের মাধ্যমেই আজকের এই নতুন স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় ছিল এই যুবদল।

​বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, কিছু স্বৈরাচারের কাপুরুষ নেতা এখন ধানমন্ডি ও বিভিন্ন রেস্তোরাঁয় বসে মিটিং করে এবং ফেসবুকে স্ট্যাটাস দেন, আগামী ডিসেম্বরে আসছি'। অথচ তারা রাতের আঁধারে লুঙ্গি পরে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছিল। তারা আবার কীভাবে সোনারগাঁয়ে মুখ দেখাবে? আমরা ফেসবুকে নয়, রাজপথে রাজনৈতিক আন্দোলন ও লড়াইয়ের মাধ্যমে সকল অপশক্তিকে মোকাবেলা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।

​সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং অন্যান্য নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।