ফাইল ছবি
নারায়ণগঞ্জে সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী এবং বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার তিনজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।
অভিযানে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয়েছে সোনারগাঁয়ে। সেখানে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে তিন হাজার পিস ইয়াবাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, নয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন, নিয়মিত মামলার দুজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবী।
বন্দর থানা পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
রূপগঞ্জে ২৫ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

