ফাইল ছবি
নারায়ণগঞ্জের টানবাজারে একটি গুদামে বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল মজুদের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে প্রায় ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল পাওয়ার পর এম আর ট্রেডার্সের গুদামটি সিলগালা করা হয়েছে। একই দিনে আরেক প্রতিষ্ঠানে বন্ড সুবিধায় আমদানি করা ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইটেরও কোনো সন্ধান পায়নি সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগের ভিত্তিতে টানবাজার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ও কাঁচামাল পাওয়া যায়। এসব পণ্যের আমদানি, ক্রয় কিংবা বৈধভাবে সংরক্ষণের কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে মজুদ পণ্যসহ গুদামটি সিলগালা করে দেয় কাস্টমস গোয়েন্দা দল।
এদিকে, সিম ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইটের অবস্থান শনাক্ত করতে পারেনি সংস্থাটি। প্রতিষ্ঠানটি গত ১৭ অক্টোবর সি-১২৯৩৪৮২ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে ভারত থেকে কেমিক্যালগুলো আমদানি করেছিল। উৎপাদন কাজে ব্যবহার না করে এসব পণ্য অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যালের খোঁজ না পাওয়া এবং অন্য একটি গুদামে বৈধ নথিপত্র ছাড়া বিপুল পরিমাণ কাঁচামাল মজুদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, উদ্ধার করা কেমিক্যালের উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার এবং এ ঘটনায় সরকারের কোনো শুল্ক-কর রাজস্ব ফাঁকি হয়েছে কি না, তা নিরূপণে তদন্ত চলছে।

