বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদমজী ইপিজেডে শ্রমিকদের শান্ত রাখতে বিএনপির অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৫, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৬, ৪ নভেম্বর ২০২৬

আদমজী ইপিজেডে শ্রমিকদের শান্ত রাখতে বিএনপির অবস্থান

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শ্রমিকদের শান্ত রাখার আহ্বান জানিয়ে আদমজী ইপিজেড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। 

একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান দলটির নেতারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি বলেন, শ্রমিকেরা যেন মোটা চাল ও মোটা কাপড় পরে শান্তিতে জীবনযাপন করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হওয়া প্রয়োজন। শ্রমিকেরা নিজেরা অরাজকতা করেন না। সরকার মজুরি বোর্ড গঠন করেছে, আর বিএনপি শ্রমিকদের পাশে রয়েছে।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, এখানে ফ্যাসিস্টদের আনাগোনা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা অরাজকতা করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার থেকে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার সকালেও ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে আদমজী ইপিজেড এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।