ফাইল ছবি
শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি সুনিশ্চিত করার পাশাপাশি শিল্প-কলকারখানার সুরক্ষা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ১০-১২ হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য মজুরিতে শ্রমিকদের ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে।"
তিনি শ্রমিক আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা বা নৈরাজ্য না করার অনুরোধ জানান। যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "প্রকৃত শ্রমিকরা কখনোই নিজেদের কষ্টের উপার্জিত অর্থ ও দেশের সম্পদ নষ্ট করতে পারে না। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ বা সুবিধাবাদী গোষ্ঠী যেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।"
অনতিবিলম্বে মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কারখানাভিত্তিক সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী ও ন্যায়সংগত মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
একইসঙ্গে রাজনৈতিক দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

