বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২৬

পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।

‎এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল।
‎
‎বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।
‎
‎ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোর ২:৩০ টার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।
‎
‎পরে কয়েকজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে মালামাল লুট করে পালিয়ে যায়।
‎
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।