শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল, মসজিদ ছাপিয়ে সড়কে নামাজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল, মসজিদ ছাপিয়ে সড়কে নামাজ

ডিআইটি মসজিদ

পবিত্র রমজান মাসের প্রথম জুমা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মসজিদগুলোতে দেখা গেছে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। 

সকাল থেকেই শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। জুমার নামাজের সময় ঘনিয়ে এলে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে ওঠে এবং জায়গা না পেয়ে অনেক মুসল্লিকে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে শহরের বায়তুল আমান জামে মসজিদ, মাসদাইর কবরস্থান জামে মসজিদ এবং ডিআইটি মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মসজিদের ভেতরে জায়গা না থাকায় মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও ফুটপাথ পর্যন্ত। অনেকেই নিজের জায়নামাজ পেতে কেউ আবার কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

স্থানীয় মুসল্লিরা জানান, রমজানের প্রথম জুমা হওয়ায় নামাজের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। অনেকে দূর-দূরান্ত থেকে আগেভাগেই মসজিদে এসে পড়েন। খুতবার সময় পুরো এলাকা নীরব হয়ে যায়, রাস্তার যান চলাচলও সাময়িকভাবে কমে আসে।

শহরের ডিআইটি মসজিদে নামাজ পড়তে এসে আসাদুর রহমান তুহিন জানান, রমজানের প্রথম জুমা হওয়ায় আজকের দিনের তাৎপর্য একটু বেশি। আজ নামাজের পরে বিশেষ দোয়াও হয়।

এসময় মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। সড়কে নামাজ আদায়ের সময় যেন যানবাহন চলাচলে সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক থাকে তারা। পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়।

শহরের মসজিদগুলোতে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপস্থিতি সব সময়ই অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।