শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহরজুড়ে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম্য, আতঙ্কে সাধারণ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শহরজুড়ে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম্য, আতঙ্কে সাধারণ মানুষ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। 

সন্ধ্যা নামার পর থেকে গভীর রাত পর্যন্ত শহরের অলিগলি, ফাঁকা সড়ক এমনকি ব্যস্ত এলাকাতেও সক্রিয় চোর-ছিনতাইকারী চক্র। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত কয়েক সপ্তাহে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মোটরসাইকেল চুরি, বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, পথচারীদের মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ছোটখাটো ঘটনা ঘটায় ভুক্তভোগীরা থানায় যেতে চান না। 

শহরের মাসদাইর এলাকায় চোরের উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় সময় দিনে দুপুরেও বাসা বাড়িতে জানালা দিয়ে ঘর থেকে মোবাইল চাদরসহ ছোটখাটো অনেক জিনিস চুরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শহরের শেরে বাংলা রোড এলাকার বাসিন্দা অর্নব জানান, রাতের মধ্যে তাদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে মুখোশধারী দুজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। 

এদিকে চুরি ও ছিনতাইকারীদের কারণে ব্যবসায়ীরাও রয়েছেন চরম উদ্বেগে। বাজার এলাকার কয়েকজন দোকানদার জানান, গভীর রাতে দোকানের শাটার কেটে মালামাল চুরির ঘটনা ঘটছে। এছাড়াও রাস্তায় ছিনতাইকারীদের উৎপাত বাড়ছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময়টাও বেশ ঝুঁকিপূর্ণ। 

শহরের চাষাঢ়া, জামতলা, মাসদাইর বড় কবরস্থান, ডন চেম্বার, বালুর মাঠ, দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে। এর ফলে রাতে এ এলাকায় চলাচলকারী মানুষের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে। 

গত বছর ছুরিকাঘাতে দেওভোগ এলাকায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এঘটনার পরে স্থানীয়রা এসমস্ত এলাকায় পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দারা বলছেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপিয়ে দিলে হবে না। এলাকাভিত্তিক কমিউনিটি নজরদারি, প্রতিবেশীদের পারস্পরিক যোগাযোগ এবং সন্দেহজনক চলাফেরার বিষয়ে দ্রুত তথ্য দেওয়া জরুরি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এসকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।