ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ফিরিয়ে দিতে ব্যাবস্থা নিতে প্রশাসক সাখাওয়াতের কাছে দাবী জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
২০১৭ সালে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরবর্তীতে সেখানে মার্কেট হলে বিএনপির কার্যালয় বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও সেই অফিস বুঝিয়ে দেয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের।
সেসময় কার্যালয় না ভাঙতে একটি মামলাও দায়ের করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। সে মামলায় নাসিক জয়ী হলেও পরবর্তীতে স্বস্থানে বিএনপির কার্যালয় ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। তবে বর্তমানে ভবনটির দোকানগুলো ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানা গেছে।
কার্যালয়টি ভেঙে দেয়ার পর দীর্ঘ নয় বছর যাবৎ কার্যালয়হীন অবস্থায় আছে বিএনপি। দীর্ঘ এই সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ছিল আওয়ামী লীগের দখলে।
এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়ে নগর ভবনে বসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। সাখাওয়াত প্রশাসক হওয়ার পরে এখন কার্যালয়টি ফিরিয়ে দিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

