ফাইল ছবি
নারায়ণগঞ্জে দীর্ঘ ১৭ বছর পরে বিএনপি ক্ষমতায় এলেও এখনও দলীয় কার্যালয় নিতে পারেনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। শহরে জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় কার্যালয় থাকলেও দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির কোন কার্যালয় নেই নারায়ণগঞ্জে।
২০১৭ সালে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরবর্তীতে সেখানে মার্কেট হলে বিএনপির কার্যালয় বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও সেই অফিস বুঝিয়ে দেয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘ নয় বছর যাবৎ কার্যালয় ছাড়াই কার্যক্রম চলছে বিএনপির।
ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির দলীয় কার্যালয় না থাকলেও শহরের মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয় রয়েছে। দলীয় কার্যালয়কে ঘিরেই দলটির কার্যক্রম চলছে।
এছাড়াও নতুন রাজনৈতিক দল এনসিপির কার্যালয়ও রয়েছে নারায়ণগঞ্জে। শহরের চাষাঢ়া এলাকায় সমবায় ভবনে রয়েছে এনসিপির কার্যালয়। এই কার্যালয়কে ঘিরেই দলটির কার্যক্রম চলছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের পতনের পর কার্যালয়টি উদ্ধার করতে একাধিকবার পদক্ষেপ নেয়া হলেও এখনও সিটি করপোরেশন কার্যালয়টি বুঝিয়ে দেয়নি। দলের শীর্ষ নেতারা সোচ্চার হলে আরও আগেই কার্যালয়টি উদ্ধার করতে পারত বিএনপি।
এদিকে দীর্ঘ নয় বছর যাবৎ কার্যালয় ছাড়াই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা। কার্যালয় ছাড়া কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট ও নিজস্ব অফিসে বসে দল পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতনের পরেও এখনও নেতাকর্মীদের জন্য কার্যালয়ের ব্যাবস্থা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন দলটির সাধারণ কর্মীরা।
এর আগে ২০১৭ সালের মার্চ মাসে ডিআইটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সেসময় কার্যালয় না ভাঙতে একটি মামলাও দায়ের করা হয়েছিল। সে মামলায় নাসিক জয়ী হলেও পরবর্তীতে স্বস্থানে বিএনপির কার্যালয় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও ভবনটির দোকানগুলো ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানা গেছে।

