ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সকলের কাছে আমার অনুরোধ আমি কাজগুলো বুঝে সাবেক কাউন্সিলরদের নিয়ে বসবো, আমাদের কর্মকর্তাদের নিয়ে বসবো। আমি ব্যার্থ হলে এ ব্যার্থতা হবে দলের। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যার্থতা হবে৷ আপনারা কী চান তারেক রহমান ব্যার্থ হোক? চান না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে প্রশাসকের দায়িত্ব নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি ৬০ দিনের কর্মসূচি হাতে নিব। এই ৬০ দিনে নারায়ণগঞ্জকে ক্লীন সিটিতে পরিনত করব। গতকাল রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ৩০ মিনিট ব্রিফিং দিয়েছেন। একজন বিশেষজ্ঞ যিনি ডেঙ্গু নিয়ে কাজ করে তার সাথে আমাদের কথা বলিয়ে দিয়েছে। সামনে মশার মৌসুম, এসময় নারায়ণগঞ্জবাসী যেন এই ডেঙ্গু, চিকুনগুনিয়ায় না ভোগে সেটার জন্য আমাকে কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী। আমরা কাজ করতে পারছি কীনা এটা তিনি আকস্মিক পরিদর্শনেও আসবেন বলেছেন।
আমরা মশা নিধন ও গ্রিন সিটি করবো। ভাঙা রাস্তা মেরামত ও সিটি এলাকার খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করবো। শহরে হাঁটলে মনে হয় তারের শহর। এগুলো কীভাবে মাটির নিচে দিয়ে নিতে হবে, এটার জন্যেও তিনি সাতদিনের মধ্যে পরিকল্পনা দিতে বলেছেন।
এই সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কাজ মানুষ দেখবে। মানুষ দেখবে তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। আমরা এই পরিবর্তন করবোই। আমি সকলের সাথে সমান আচরণ করবো। সাবেক কাউন্সিলরদের নিয়ে আমি বসবো, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে বসবে। আপনারাই আমাদের শক্তি। আপনারা সহযোগিতা করলে আমরা সফল হবো, তারেক রহমান সফল হবে।
আমাদের তারেক রহমান বলেছেন আপনি যেহেতু নির্বাচন করবেন আপনাকে ভাল ভাবে কাজ করবেন৷ নির্বাচন তো আমি একা করবো না, কাউন্সিলররাও করবে৷ তাই আমি সকলকে নিয়ে পরিকল্পনা করব এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করব।
তিনি আরো বলেন, আমি বিরেধী দলের যারা আছেন জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ তাদের নিয়েও বসবো। তাদের সাথেও আলোচনা করবো। এছাড়াও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আমি আলোচনা করবো। সকলকে নিয়েই আমি কাজ করবে।
এর আগে সকালে শহরের বিবি রোডের নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে সিটি করপোরেশনে আসেন সাখাওয়াত। এসময় নগরবাসী তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের সময় তার পাশে ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতাকর্মীরা।

