শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

না.গঞ্জে রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা উপলক্ষে শহরের মসজিদ গুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

দুপুর বারোটার পর থেকেই শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। জুমার নামাজের সময় ঘনিয়ে এলে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। এসময় মসজিদে জায়গা না পেয়ে অনেক মুসল্লিকে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে শহরের বায়তুল আমান জামে মসজিদ, চাষাঢ়া নুর মসজিদ, মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ এবং ডিআইটি মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এসময় বেশিরভাগ মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও ফুটপাত পর্যন্ত। অনেকেই নিজের জায়নামাজ পেতে কেউ আবার কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

স্থানীয় মুসল্লিরা জানান, রমজানে মাস হওয়ায় নামাজের প্রতি মানুষের আগ্রহ ও আবেগ কিছুটা বেশি থাকে। অনেকে দূর-দূরান্ত থেকে আগেভাগেই মসজিদে এসে পড়েন। খুতবার সময় পুরো এলাকা নীরব হয়ে যায়, রাস্তার যান চলাচলও কমে আসে।

শহরের মাসদাইর কবরস্থান মসজিদে নামাজ পড়তে এসে আসাদুর রহমান তুহিন জানান, রমজান মাসে জুমার দিনের তাৎপর্য একটু বেশি। আজ নামাজের পরে বিশেষ দোয়াও হবে। নামাজ শেষে আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবো।