ফাইল ছবি
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে যানবাহনগুলো থেকে তিনটি উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শব্দ দূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং অবৈধভাবে ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও শব্দ দূষণকারী যানবাহন ও পরিবেশ দূষণে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশগ্রহণ করে।

