ফাইল ছবি
তেলাপোকার বিচরণ, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ব্লু পিয়ার রেস্টুরেন্টকে আর্থিক দণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) দুপুরে চাষাড়া বালুর মাঠে অবস্থিত ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্না ঘরে তেলাপোকা, ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর বাজার কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে দেখা যায়, রান্নাঘরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পেস্ট কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই, তেলাপোকার বিচরণ রয়েছে এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সার্বিকভাবে পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় রেস্টুরেন্টটির ম্যানেজার জাকির হোসেন অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিছু ত্রুটি পেয়েছেন। আমরা সাত দিনের সময় চেয়েছি এবং সেই সময় আমাদের দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি সংশোধন করা হবে। ভবিষ্যতে যেন এমন অভিযোগ না আসে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

