পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

