শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ বেদিতে জুতা পায়ে মন্ত্রীর পদত্যাগ চাইলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩০, ১৫ জুলাই ২০২৬

শহীদ বেদিতে জুতা পায়ে মন্ত্রীর পদত্যাগ চাইলো শিক্ষার্থীরা

শহীদ মিনারের শহীদের বেদীতে জুতা পায়ে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে দাঁড়ানোর ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একদল শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

কর্মসূচির একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে শহীদ মিনারের শহীদের বেদীতে জুতা পায়ে উঠে বক্তব্য দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এসময় শহীদ মিনারের মূল বেদীতে জুতা পায়ে অবস্থান নেওয়ার দৃশ্য উপস্থিত অনেকের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর বেদীকে জাতীয় মর্যাদা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে বেদীতে জুতা পায়ে ওঠার ঘটনাকে অনেকেই অসম্মানজনক বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে তারা শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থান ত্যাগ করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে অনাকাঙ্ক্ষিত আচরণ বলে মন্তব্য করেছেন, আবার কেউ আন্দোলনের আবেগের বিষয়টি সামনে এনে ঘটনাটিকে ভিন্নভাবে না দেখার আহ্বান জানিয়েছেন