ত্রাণসামগ্রী বিতরণ
চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ বিতরণ টিম। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিমে আরও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতি শিহাবুদ্দীন, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ, অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাবুদ্দীন এবং ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে এবিএম সিরাজুল মামুন বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকেই খেলাফত মজলিসের বিভিন্ন টিম ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। সংগঠনের দায়িত্বশীলরাও সরাসরি উপস্থিত থেকে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সহযোগিতার চেষ্টা করছেন।
তিনি বন্যাকবলিত এলাকায় জরুরি ও বিশেষ ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জসহ দেশের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খেলাফত মজলিসের নেতারা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

