শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুন!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৫, ১৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুন!

অগ্নিকাণ্ড

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

‎বুধবার (১৫ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

‎আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

‎অগ্নিকাণ্ডের সময় গোডাউন থেকে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরাপদ দূরত্বে অবস্থান নেন এবং ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। আগুন যাতে পাশের ভবন বা কারখানায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করেন।

‎এদিকে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ ও চিত্র ধারণের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। সংবাদকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা ঘটনাস্থলে গেলেও নিরাপত্তার অজুহাতে বেপজা কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়। ফলে আগুনের প্রকৃত পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার কার্যক্রমের বিস্তারিত তথ্য সংগ্রহে বিঘ্ন ঘটে।

‎অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।