শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অনুষ্ঠান থেকে শিপনকে বের করে দেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০০, ১৫ জুলাই ২০২৬

অনুষ্ঠান থেকে শিপনকে বের করে দেওয়ার অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, বিএনপি নেতা মিঠুর আপত্তির মুখে শিপন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপলক্ষে নারায়ণগঞ্জে বড় পর্দায় অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনুষ্ঠান চলাকালে শিখন সরকার শিপন সেখানে উপস্থিত হলে তাকে নিয়ে আপত্তি ওঠে। তিনি ডিসি, এসপির পাশে বসার চেষ্টা করে ব্যর্থ হয়ে সামনের সারিতে বসেন। পরে মহানগর বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিঠু ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার কাছে জানতে চান, এরকম অনুষ্ঠানে তিনি কেন এবং কিজন্য এসেছেন? পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।