শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খাবার চাইতেই নিভে গেল প্রাণ, নারায়ণগঞ্জে মায়ের হাতে শিশু খুনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ জুলাই ২০২৬

খাবার চাইতেই নিভে গেল প্রাণ, নারায়ণগঞ্জে মায়ের হাতে শিশু খুনের অভিযোগ

ফাইল ছবি

সন্ধ্যার আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। অন্যদিনের মতোই খেলাধুলা শেষে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরেছিল ১২ বছরের শিশু তায়েব হোসেন। মায়ের কাছে খাবার চেয়েছিল সে। কিন্তু সেই খাবার চাওয়াটাই যে তার জীবনের শেষ চাওয়া হবে, তা কেউ ভাবেনি। মায়ের সঙ্গে সামান্য বাকবিতণ্ডার জেরে শেষ পর্যন্ত মায়ের হাতেই শ্বাসরোধ হয়ে থেমে গেল শিশুটির জীবন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত তায়েব হোসেন ওই এলাকার বাসিন্দা আফজাল হোসেন আলমগীর ও তাসলিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরে মায়ের কাছে খাবার চায় তায়েব। এ সময় মা তাসলিমা বেগম তার বাবার প্রসঙ্গ তুলে কথা বললে তায়েব রেগে গিয়ে মায়ের সাথে উচ্চবাচ্য শুরু করে। এতে মা-ছেলের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ মা ছেলেকে মারধর শুরু করেন এবং রাগের মাথায় তার গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে তায়েবের মৃত্যু হয় বলে এলাকাবাসী দাবি করছে।

ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তাসলিমা বেগমকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামান্য খাবার চাওয়াকে কেন্দ্র করে মায়ের হাতে একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।