বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বায়ুদূষণের দায়ে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ১৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বায়ুদূষণের দায়ে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত ‘মেসার্স নাস ফিনিশিং’ নামের প্রতিষ্ঠানটি বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) ধারা লঙ্ঘন করে পরিবেশ দূষণ ঘটাচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম নেতৃত্ব দেন। অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।