শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণের অঙ্গীকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৩, ১৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণের অঙ্গীকার

দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের সঙ্গে নারায়ণগঞ্জেও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনের মাধ্যমে জেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যুক্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। 

এ উপলক্ষে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা থেকে সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, একজন প্রধান শিক্ষিকা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং একজন কাব শিশু শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে জাতীয় স্বীকৃতি লাভ করেন। এ অর্জনকে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ন্যূনতম তিনটি করে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্দীপনা যোগাবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।