শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি ছাত্র ফেডারেশনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৫, ১৫ জুলাই ২০২৬

শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি ছাত্র ফেডারেশনের

ফাইল ছবি

শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার এবং এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা। সংগঠনটির সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেছেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এ সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা ছিল এবং এখনো রয়েছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের সংকট ও কাঠামোগত সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে শিক্ষা সংস্কারের পরিবর্তে শুধু পরীক্ষাপদ্ধতির পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিবৃতিতে শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি অনমনীয় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো সমাধানের পরিবর্তে একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষা জনগণের মৌলিক অধিকার হলেও দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিং ও প্রাইভেট নির্ভর হতে হচ্ছে, যা বিদ্যমান শিক্ষাব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গতকাল এইচএসসি পরীক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে চাষাড়া এলাকায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতেই এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় তারা শিক্ষাসংস্কার বিষয়ে একটি প্রস্তাবনা ও স্মারকলিপি জমা দিয়েছিল। সেখানে দেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজনের ভিত্তিতে একটি গণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার হলে কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরা স্থাপন বা প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সম্ভব নয়। প্রকৃত সংস্কারের জন্য প্রয়োজন যুগোপযোগী পাঠ্যক্রম, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

বিবৃতির শেষাংশে তাহমিদ আনোয়ার বলেন, তারা এমন একটি বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণমুখী শিক্ষাব্যবস্থা চান, যেখানে শিক্ষার উদ্দেশ্য হবে দক্ষ, মানবিক, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা, কেবল পরীক্ষার ফলাফল নির্ভর শিক্ষা নয়।