ফাইল ছবি
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যসহ ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় দিনভর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ফতুল্লা মডেল থানা এলাকা থেকে সর্বোচ্চ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক বিক্রেতা, ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতা, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার সাত আসামি, পরোয়ানাভুক্ত পাঁচজন এবং নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক বিক্রেতা, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার একজন আসামি, পরোয়ানাভুক্ত সাতজন এবং নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করে।
একই অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ নয়জন মাদকসেবী, নিয়মিত মামলার পাঁচ আসামি, পরোয়ানাভুক্ত একজন ও নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে।
সদর থানা পুলিশ ১০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুইজন এবং নিষিদ্ধ সংগঠনের একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে।
বন্দর থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ পাঁচজন মাদক বিক্রেতা, চারজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন ও অন্যান্য আইনে একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে।
এছাড়া সোনারগাঁও থানা পুলিশ আটজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত একজন ও নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ মোট ১২ জনকে এবং আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য, ভ্রাম্যমাণ আদালতে একজন, নিয়মিত মামলায় একজন ও অন্যান্য ধারায় তিনজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।
পুরো অভিযানে মোট ৫৭ জন মাদকসেবী, আটজন মাদক বিক্রেতা, দুইজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, অন্যান্য আইনে চারজন, ভ্রাম্যমাণ আদালতে একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যসহ সর্বমোট ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

