ফাইল ছবি
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন পণ্যের বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্যের ক্রয় রশিদ যাচাইয়ের পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন ও রশিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় লেবেলবিহীন ঘি ও সঠিক তথ্যবিহীন সয়া সস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নিতাইগঞ্জ বাজার এলাকায় এ তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জানায়, এর আগে জালকুড়ি, পশ্চিম তল্লা ও শিবু মার্কেট এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে বাজার তদারকি করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিক্রেতার ক্রয় রশিদ যাচাই করা হয়।
তদারকির সময় খুচরা বিক্রেতারা ডিলারদের কাছ থেকে পণ্য সরবরাহে ঘাটতি থাকার বিষয়টি কর্মকর্তাদের জানান। পরে ব্যবসায়ীদের ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে নিতাইগঞ্জ বাজারের ইমরান স্টোরে লেবেলবিহীন গাওয়া ঘি বিক্রি এবং লেবেলে প্রয়োজনীয় সঠিক তথ্য না থাকা সয়া সস বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
নারায়হেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, এদিকে গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হলে ভোক্তাদের লিখিত অভিযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

