স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় উৎসবের পাশাপাশি এই মূল্যবোধগুলো সমাজে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পূজার আয়োজন ঘুরে দেখার পাশাপাশি আয়োজক, পূজারি ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
ড. আবদুল মঈন খান বলেন, সত্য ও মিথ্যা এবং ন্যায় ও অন্যায়ের সংঘাত যুগ যুগ ধরে চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায়ের বিজয়ের যে বার্তা পাওয়া যায়, তা সবার জীবনে ধারণ করা উচিত। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে এই ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই যেন শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমেও যান স্থানীয় সরকারমন্ত্রী। সেখানে তিনি আশ্রমের পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

