শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভাড়া ঘর থেকে শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৬, ১৬ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ভাড়া ঘর থেকে শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন নাদিম। শুক্রবার সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘরটির ভেতর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। নিহতের দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। এছাড়া ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেখানে হাকিম মোল্লা নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। তার বাড়ি নড়াইল জেলায়। নিহত নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে হাকিম পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল এবং ঘরের বাইরে রক্তের ছাপ পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।