রোববার, ১৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমলাপাড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে সাংবাদিকের মেয়ের মোবাইল-দুল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৩, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৮, ১৮ অক্টোবর ২০২৬

আমলাপাড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে সাংবাদিকের মেয়ের মোবাইল-দুল ছিনতাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় এবার ছিনতাইকারীদের শিকার হয়েছেন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু। মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির মুখোমুখি হন তিনি। এ সময় ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে আমলাপাড়ার আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আরিফ আলম দিপু।

তাঁর দেওয়া বর্ণনা অনুযায়ী, মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে সকালে আমলাপাড়া এলাকায় যান তিনি। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে তাঁদের পথ আটকে ছিনতাই করে। ছিনতাইকারীদের একজনের হাতে বড় ছোরা এবং অন্যজনের কাছে পিস্তলসদৃশ অস্ত্র ছিল বলে উল্লেখ করেন তিনি। অস্ত্রের ভয় দেখিয়ে মেয়ের মোবাইল ফোন ও কানের দুল নিয়ে যায় তারা। এ ছাড়া তাঁর কাছ থেকে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার আকস্মিকতায় তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি বলে জানান। সঙ্গে মেয়ে থাকায় তাঁর উদ্বেগ আরও বেড়ে যায়। নিজের মোবাইল ফোন সঙ্গে না থাকায় সেটি ছিনতাই হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ভোরবেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলে একাধিক ব্যক্তি এসে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সকালে বিষয়টি জানার পর থেকেই পুলিশ কাজ শুরু করেছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিও ঘটনাটি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ওসি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস)  তারেক আল মেহেদী জানান, ছিনতাইয়ের অভিযোগ আমরা মৌখিক ভাবে পেয়েছি। তারই প্রেক্ষিতে আমাদের তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীর সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।