ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের (৩১) বসতবাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) তাকে অস্ত্র আইনের মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারনামীয় আসামি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা অবস্থায় ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলমের নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শফিকুল শরীফ তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকায় আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আসামির দেখানো স্থান মতে, বসতঘরের উত্তর পাশে একটি সংকীর্ণ জায়গা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় কাঠের বাটযুক্ত খালি ম্যাগজিনসহ ১টি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯-এ ধারায় নতুন একটি মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

