বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তায় ৯৪৭ পুলিশ, ১,৫১৮ আনসার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৭, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় ৯৪৭ পুলিশ, ১,৫১৮ আনসার

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার ২৪০টি পূজামণ্ডপ ও মন্দিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৯৪৭ জন পুলিশ ও ১ হাজার ৫১৮ জন আনসার সদস্য। পাশাপাশি এসআরবি, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার মণ্ডপগুলোর মধ্যে ৩৯টি অধিক গুরুত্বপূর্ণ, ৭০টি গুরুত্বপূর্ণ এবং ১৩১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপভিত্তিক নিরাপত্তার পাশাপাশি থাকবে মোবাইল টিম, মোটরসাইকেল টহল ও গোয়েন্দা নজরদারি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি মণ্ডপে একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন পুলিশ সদস্য এবং সাধারণ মণ্ডপে দুজন করে পুলিশ সদস্য থাকবেন।

তিনি আরও জানান, স্ট্যান্ডিং ফোর্সে ৫১৯ জন এবং মোবাইল টিমে ৪২৮ জনসহ মোট ৯৪৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবে ৩৮টি মোবাইল টহল টিম। এ ছাড়া মোটরসাইকেলে টহল দেবেন ২৯ জন পুলিশ সদস্য।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোতায়েন করা হবে ১ হাজার ৫১৮ জন আনসার সদস্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিনিরাপত্তা ও প্রতিমা বিসর্জনের সময় ঘাটে ডুবুরি দলের সহায়তাসহ পর্যায়ক্রমে দুই শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। মণ্ডপে দায়িত্বে থাকা আনসার সদস্যদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন রওনক হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলাজুড়ে টহল চলবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা সদস্যরাও সার্বক্ষণিক কাজ করছেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন। বিজিবি সদস্যরাও নিয়মিত টহল দেবেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের নদীবেষ্টিত এলাকাগুলোতেও কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করবেন।