ফাইল ছবি
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, তিনজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ২০ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য রয়েছেন। অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাও উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ছাড়া নিয়মিত মামলার ছয় আসামি এবং অন্যান্য ধারার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাঁচ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা এলাকায় ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা এলাকায় মাদকসেবী সাতজন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য ধারার মামলায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁয়ে ১৪ মাদকসেবী, দুই ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, আড়াইহাজার থানা এলাকায় ওয়ারেন্টভুক্ত তিনজন ও নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

