শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে নাদিম আকন্দ হত্যা মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ১৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে নাদিম আকন্দ হত্যা মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নাদিম আকন্দ (৩৫) হত্যা মামলার প্রধান আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপির যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল আনুমানিক ১০টায় স্থানীয়দের খবরের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকার হাকিম মোল্লার ভাড়া বাসা থেকে নাদিম আকন্দের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের মো. জসিম উদ্দিন ও মোসা. পান্না আক্তারের ছেলে। 

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি লড়াইল জেলার নড়াগাতীর মাহাবুব মোল্লার ছেলে মো. হাকিম মোল্লাকে ডিএমপির যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে নাদিম আকন্দকে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।