শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৭, মাদক ও পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৭, মাদক ও পিস্তল উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত, পরোয়ানাভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। অভিযানে ইয়াবা, হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক কারবারি, ৪৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৩ জন, একজন ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই এলাকায় ১০ মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই থানায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নয় মাদকসেবী, একজন ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশের অভিযানে নয় মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁয়ে ১১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৭ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত সাত আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।