রোববার, ১৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সাড়ে ৩ মাসে ১০০৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ অক্টোবর ২০২৬

বন্দরে সাড়ে ৩ মাসে ১০০৩ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মোট ১ হাজার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

২০২৬ সালের ২৪ জুন থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিরা গ্রেপ্তার হন।

বন্দর থানা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৪ জন, মাদক ব্যবসায়ী ১১৭ জন, মাদক সেবনকারী ২৫৫ জন, কিশোর গ্যাংয়ের ৩০ জন, এবং চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২০৭ জন আসামি এবং নিয়মিত মামলার ১৩১ আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারা এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ৯৭ জনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে গুরুত্বপূর্ণ মামলা ও সন্ত্রাসী গ্রেপ্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছে পুলিশ। শেখ সিফাত ও হোয়াইট জুম্মানসহ বুলবুল হত্যা মামলার এজাহারনামীয় ১৫ জন আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন অস্ত্র মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ ২০টিরও বেশি মামলা রয়েছে।

এছাড়া ২টি ডাকাতি মামলার প্রায় সব আসামিকে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি হানিট্র্যাপ মামলার ৮ জন আসামিসহ ছিনতাই, দস্যুতা, ডাকাতি, হত্যা ও ধর্ষণ মামলার একাধিক আসামিকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।