শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি, ঝুঁকিপূর্ণ ৯৩টি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি, ঝুঁকিপূর্ণ ৯৩টি

এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এর মধ্যে ৯৩টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

পূজামণ্ডপের নিরাপত্তায় টহল ও সাদা পোশাকে সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে একথা জানান এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ২১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এসব পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জে পূজার নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে। টহল দলের পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, কো-অর্ডিনেশন সেল এবং চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করে সমন্বয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও ড্রোনের মাধ্যমে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার জগতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তৎপরতা ঠেকাতে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খলতা দমনে এসআরবি-১১-এর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এসআরবি-১১-এর পক্ষ থেকে বলা হয়, পূজামণ্ডপ বা আশপাশে সন্দেহজনক কোনো ব্যক্তি কিংবা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা করতে হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এসআরবি-১১-এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা তৎপর থাকবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।