ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার ২৪০টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
এসময় তিনি বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জের শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন।
এসময় পরিদর্শনকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, পুলিশের অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

