ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেত কেওডালা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ও এর চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। পাশাপাশি বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

