ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় খোকন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। খবর পেয়ে রাত ১২টায় আহত স্ত্রীর স্বামী সোহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, আহত আরেফিন আলম (৩৪) ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে তার স্বামী সোহান চৌধুরীর (৩৬) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী সোহান চৌধুরী রান্নাঘরে থাকা সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আরেফিন আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল প্রেরন করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আরেফিন আলমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তার চিতিৎসা চলছে। খবর পেয়ে তাদের ভাড়া নেয়া বাসা থেকে রাত ১২টায় সোহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

