ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়াসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী শহীদ বকুলনগর কালাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, তার ছেলে আল-আমিন, ভাতিজা আসাদুজ্জামান এবং ভাই আওলাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী নজরুল ইসলাম নতুন বাড়ি নির্মাণের সময় রাস্তার ওপর বালি ও অন্যান্য নির্মাণসামগ্রী রেখে দেওয়ায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরে বাদল ভুঁইয়া ও তার পরিবারের সদস্যরা সেই বালি দিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদল ভুঁইয়ার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে বাদল ভুঁইয়ার বাম চোখে শাবল দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে আল-আমিন ও ভাতিজা আসাদুজ্জামানকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল চত্বরে বাদলের ভাই আওলাদ হোসেনকে লোহার রড দিয়ে দুই পায়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।
পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ বিষয়ে আহতের এক স্বজন বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তারা হঠাৎ দা, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমাদের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

