প্রতীকী ছবি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবিহর নামাজ পড়াচ্ছেন বিশ্বজয়ী কুরআন তিলাওয়াতকারী হাফেজ ক্বারি আবু রায়হান। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসল্লিরা মুগ্ধ।
২০০৫ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই কুরআনের প্রতি তার গভীর অনুরাগ ছিল। নারায়ণগঞ্জের বল্লবদী আল-ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে তিনি কুরআনের শিক্ষা গ্রহণ করেন।
তার মেধা ও তিলাওয়াতের সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২০১৮ সালে কাতারের টেলিভিশন চ্যানেল জিম টিভি আয়োজিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেন তিনি।
এছাড়া ২০২৪ সালে আফ্রিকার সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথমস্থান অধিকার করে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করাই তার স্বপ্ন।

