শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে পুলিশের ওপর হামলায় আরও তিনজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে পুলিশের ওপর হামলায় আরও তিনজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সাতগ্রামের রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে ঘটনার দিন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তাররা হলেন রসুলপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন, সালাম মিয়ার ছেলে মো. আফসার এবং জামান মিয়ার ছেলে হৃদয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু দফায় তাদের গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।’

পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী আসমা বেগমকে (৪৫), যিনি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত, গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালায়। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের সরকারি কাজে বাধা দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তবে পরিবারের দাবি, অসুস্থ হওয়ায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’