বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ জুলাই ২০২৬

বন্দর স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বন্দর স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের জনজীবন। রড, এঙ্গেলসহ বিভিন্ন লোহার সামগ্রী উৎপাদনকারী এই মিলের অব্যাহত দূষণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগ।

স্থানীয়রা জানান, মিলটি মূলত একটি রড মিল। এখানে প্রতিদিন লোহা গলিয়ে রড, এঙ্গেল ও অন্যান্য লোহার সামগ্রী তৈরি করা হয়। কিন্তু উৎপাদনের সময় নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস কোনো প্রকার ফিল্টার ছাড়াই সরাসরি বাতাসে ছড়িয়ে পড়ছে।

ফলে দেওয়ানবাগ ও আশপাশের এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। ধোঁয়ার কারণে বাড়ির দেয়াল, গাছপালা ও রাস্তা-ঘাটে কালো আস্তরণ পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও নারীরা। এলাকার অনেক শিশু হাঁপানি, অ্যালার্জি ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দূষণের কথা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে বন্দর স্টিল মিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন। এলাকাবাসী ও সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়া যায়।