প্রতীকী ছবি
চাঞ্চল্যকর ঢাকা উত্তরায় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ (ডিবি) এবং সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের যৌথ দল। গত শুক্রবার (১৪ আগস্ট) সাড়ে ৫টায বন্দর থানার মদনপুরস্থ কলাবাড়ী এলাকার খাদিজা ভিলা ২য় তলায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তারসহ উল্লেখিত গুলি ভর্তি পিস্তলসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটের কানুরগাও গ্রামের লাল মিয়া সিকদারের ছেলে ইলিয়াস শিকদার (৩৭) ও কুমিল্লার মেঘনা উপজেলার লস্তিমাানিকা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাফর (৩৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ২টি ৭.৬৫ মিমি. পিস্তল, একটি ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ৩টি ভেস্ট, ক্যাপ, ৩টি ওয়াকিটকি, ৪ জোড়া হাতকড়া, গাড়ির দুটি নম্বর প্লেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শনিবার রাতে বন্দর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিমসহ চারজন ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে ও আঘাত করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নূরে আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে ইলিয়াস সিকদার ও জাফরকে গ্রেফতার করা হয়। এরপর এদের নিয়ে বন্দরের মদনপুর কলাবাড়ি খাদিজা ভিলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ।

